এক বাবা ও ছেলে একদিন স্কুটারে করে কোথাও যাচ্ছিল। পথের ধারে হঠাৎ বাবার চোখ পড়ে কিছু ছেলের দিকে। তারা একটি ডোবার ভেতর ঝুঁকে কিছু একটা খুঁজছে। বাবার কৌতূহল জাগে। তিনি স্কুটার থামিয়ে জিজ্ঞেস করেন—
“তোমরা এখানে কী খুঁজছো?”
ছেলেদের একজন উত্তরে বলে—
“আপনি দেখছেন না? সামনে একটা সোনার ফল! আমরা এটা আনার চেষ্টা করছি।”
বাবা তাকাতেই চোখে পড়ে—ঠিক ডোবার মাঝখানে সত্যিই কিছু একটা সোনার মতো ঝলমল করছে। মুহূর্তেই তার মনে লোভ জাগে। ভাবতে থাকে—
“যদি আমার ছেলে এই সোনার ফলটা আনতে পারে, তাহলে শুধু ওর নয়, আমার জীবনও বদলে যাবে।”
লোভ এতটাই গ্রাস করেছিল যে সে আর কিছু না ভেবেই নিজের ছেলেকে ডোবায় ধাক্কা দিয়ে নামিয়ে দেয়।
বাবা কঠোরভাবে বলে—
“যা-ই হোক, তোকেই ওই ফল আনতে হবে।”
কিন্তু ছেলে বিভ্রান্ত। তার স্বপ্ন সোনার ফলে নয়—তার স্বপ্ন একেবারেই অন্য কিছু।
সে বোঝানোর চেষ্টা করে—
“বাবা, আমার স্বপ্ন এই ফলে না… আমার ইচ্ছা অন্যকিছু।”
কিন্তু বাবা একটাও কথা শুনলেন না। শুধু বললেন—
“আমি জিজ্ঞেস করছি না—বলে দিচ্ছি, তুই ওই ফলটা আনবি।”
ছেলে বাবার কথা রাখতে আবারও চেষ্টা করে।
হাত বাড়ায় সোনালি আলোর দিকে…
কিন্তু যতই সে এগোয়, ততই নিচে ডুবে যেতে থাকে।
হঠাৎ সে বুঝতে পারে—
এটা কোনো সাধারণ ডোবা না… এটা চোরা বালি।
সে চিৎকার করে বাবাকে ডাকে—
“বাবা! বাঁচাও! আমি ডুবে যাচ্ছি!”
কিন্তু বাবা কঠোর কণ্ঠে বলেন—
“বাহানা করিস না। অন্যেরা পারে, তুই কেন পারবি না?”
ছেলে শেষবারের মতো চেষ্টা করে…
কিন্তু কিছুই পায় না।
চোরা বালি তাকে পুরোপুরি টেনে নেয়।
ছেলে সেখানেই মারা যায়।
বাবা তখনই বুঝতে পারেন—
প্রচণ্ড এক ভুল তিনি করে ফেলেছেন।
তিনি ডোবার ধারে বসে চিৎকার করে কাঁদতে থাকেন।
ঠিক তখনই পথ দিয়ে এক সাধু যাচ্ছিলেন।
তিনি জিজ্ঞেস করলেন—
“কেন কাঁদছো?”
বাবা সব ঘটনা বলে, আর বলেন—
“আমি তো সবই করেছি ছেলের ভালোর জন্য… আমার ভুলটা কোথায়?”
সাধু কিছুক্ষণ সোনালি আলোর দিকে তাকিয়ে বলেন—
“যার জন্য তুমি তোমার ছেলেকে হারিয়েছ, ওই জিনিসটা আসলেই ফল কিনা—একবার দেখে নাও।”
বাবা রাগ করে বলেন—
“ফলটা তো সামনেই! আপনি কি দেখছেন না?”
সাধু ডোবার পাশের একটি গাছের দিকে ইশারা করেন—
“যেটা তুমি দেখছো… সেটা শুধু ছায়া।
আসল ফলটা তো ওই গাছের উপরে।”
বাবা হতবাক হয়ে যান।
সাধু আবার বলেন—
“তুমি যদি ছেলেকে জোর না করে, বরং জিজ্ঞেস করতে—
তুই কোন কাজে খুশি? তোর স্বপ্ন কী?
তাহলে তোমার ছেলে আজ বেঁচে থাকত…
আর হয়তো আসল সোনার ফলটাও তার হাতেই থাকতো।”
শেষে বাবা মাথা নিচু করে কাঁদতে থাকেন।
গল্পের নৈতিক শিক্ষা (Moral of the Story)
“সন্তানের ভবিষ্যত গড়তে গিয়ে
তার নিজের স্বপ্ন, ইচ্ছা ও সামর্থ্যকে অস্বীকার করো না।
জোর করে চাপিয়ে দেওয়া স্বপ্ন
অনেক সময় মৃত্যুর কারণও হয়ে যেতে পারে।”

Thanks to comment Jibon Somossa official blog. Stay with us for more content. Follow us to Facebook. www.facebook.com/jibonsomossa.blog